যুদ্ধের অতিরিক্ত ব্যয় যোগান দিতে আট হাজার কোটি ডলার চাইল পেন্টাগন

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) ইরানের সঙ্গে চলমান যুদ্ধসহ বিভিন্ন অতিরিক্ত ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে আরও ৮০ বিলিয়ন বা ৮০০০ কোটি ডলার বরাদ্দ চেয়েছে বলে জানা গেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, প্রতিরক্ষা উপমন্ত্রী স্টিফেন ফেইনবার্গ চলতি সপ্তাহে কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠকে এ অতিরিক্ত অর্থায়নের অনুরোধ জানান।

সূত্রগুলো আরও জানায়, কংগ্রেস যদি নতুন বাজেট বিল পাস করতে ব্যর্থ হয়, তবে আসন্ন গ্রীষ্মে সামরিক বাহিনী তাদের চলমান অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংকটে পড়তে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, অতিরিক্ত ৮০ বিলিয়ন ডলারের একটি অংশ নৌবাহিনীর কার্যক্রম, সেনা সদস্যদের বেতন এবং গোলাবারুদের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে।

এছাড়া আরও জানা গেছে, প্রতিরক্ষা খাতের বাইরে কৃষি ও দুর্যোগ সহায়তাসহ অন্যান্য ক্ষেত্রেও একটি বিস্তৃত অতিরিক্ত বাজেট প্রস্তাব শিগগিরই কংগ্রেসে জমা দেওয়া হবে।

তবে এই অতিরিক্ত বাজেট প্রস্তাব কংগ্রেসে পাঠানোর আগে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের অনুমোদন প্রয়োজন হবে।

বর্তমানে ২০২৬ অর্থবছরের জন্য পেন্টাগনের বাজেট প্রায় ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করা আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ইরান যুদ্ধসহ বিভিন্ন সামরিক অভিযানের কারণে পেন্টাগন ব্যয় সংকটে পড়েছে। এমনকি মে মাসের মাঝামাঝি সময়ে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ব্যয় ২৯ বিলিয়ন ডলার হিসেবে অনুমান করা হলেও এখন সেই ব্যয় আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত