ধর্ষণ মামলায় হাকিমিকে কাঠগড়ায় দাঁড়াতে হবে

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৮:১৪ পিএম

২০২৬ বিশ্বকাপ চলাকালীন বড়সড় আইনি ধাক্কা খেলেন মরক্কো জাতীয় ফুটবল দলের অধিনায়ক আশরাফ হাকিমি। ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলায় ফরাসি আদালতে করা তাঁর আপিল খারিজ হয়ে গেছে। ফলে প্যারিস সেন্ট জার্মেইয়ের এই তারকা রাইট-ব্যাককে এখন আনুষ্ঠানিকভাবে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হতে হবে।

ফ্রান্সের ভার্সাই আপিল আদালত এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তকারী চেম্বার হাকিমির বিরুদ্ধে ওঠা ধর্ষণ মামলার বিচার শুরু করার জন্য পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও উপাদান খুঁজে পেয়েছে।

অভিযোগটি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের। ফরাসি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তখন ২৪ বছর বয়সী এক তরুণী আশরাফ হাকিমির বিরুদ্ধে তাঁর প্যারিসের বাসভবনে ধর্ষণের অভিযোগ তোলেন। ২০২৩ সালের মার্চ মাসে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করা হলেও হাকিমি শুরু থেকেই এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে আসছেন।

আপিল খারিজ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক আবেগঘন পোস্টে ২৭ বছর বয়সী হাকিমি লেখেন, 'আইন আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, 'তুমি যদি সেলিব্রেটি না হতে, তবে এই মামলা কখনোই হতো না।' আমি বছরের পর বছর ধরে চুপ ছিলাম। ভেবেছিলাম ধৈর্য ধরলে এবং বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখলে সঠিক সিদ্ধান্ত আসবে। আজ আমার পরিবার, আমার জীবন এবং সত্যের বিনিময়ে এমন একটি গল্প বলা হচ্ছে যা আমার নয়। প্রথম দিন থেকেই আমি এই বিচারের জন্য অপেক্ষা করছিলাম এবং এখন আমি এটির মুখোমুখি হতে প্রস্তুত। অবশেষে আমি মুখ খুলতে পারব।'

বাদীপক্ষের আইনজীবী রেচেল-ফ্লোর পার্দো আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, "ছয়জন বিচারক মিলে নির্ধারণ করেছেন যে হাকিমির বিরুদ্ধে বিচার শুরু করার মতো যথেষ্ট উপাদান রয়েছে। তিন বছরেরও বেশি সময় ধরে আইনি লড়াই ও কুৎসার শিকার হওয়ার পর, এই সিদ্ধান্ত আমার মক্কেলের জন্য স্বস্তি ও আশা বয়ে এনেছে।"

অন্যদিকে হাকিমির আইনজীবী ফ্যানি কলিন এই সিদ্ধান্তের বিরোধিতা করে দাবি করেন, মামলাটি খারিজ হওয়া উচিত ছিল। তিনি বলেন, "তদন্তে এমন অনেক উপাদান এসেছে যা হাকিমির নির্দোষিতা প্রমাণ করে। আমরা অত্যন্ত দুঃখিত যে অভিযোগকারী তরুণীর দেওয়া পরস্পরবিরোধী ও মিথ্যা বক্তব্য, তথ্য গোপন এবং সত্য অনুসন্ধানে বাধা দেওয়ার মতো বিষয়গুলোকে আদালত আমলে নেয়নি।"

আশরাফ হাকিমি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান ২০২৬ বিশ্বকাপে মরক্কো দলের নেতৃত্ব দিচ্ছেন। গত ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে মরক্কোর প্রথম গ্রুপ পর্বের ম্যাচে তিনি পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। আজ শুক্রবার ফক্সবোরোতে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে মরক্কো। টুর্নামেন্ট চলাকালীন এই আইনি আদেশ আসলেও হাকিমির খেলার ওপর তাৎক্ষণিক কোনো নিষেধাজ্ঞা থাকছে না। তবে আদালতের পক্ষ থেকে বিচারের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত