বৈশ্বিক র‌্যাংকিং উন্নয়নে পবিপ্রবিতে উচ্চপর্যায়ের কমিটি

আপডেট : ২০ জুন ২০২৬, ১০:২২ এএম

বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অবস্থান আরও সুসংহত করা, গবেষণার মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে উন্নতি সাধনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে গত বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়। কমিটিতে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিনকে আহ্বায়ক এবং পরিকল্পনা পরিচালককে সদস্য-সচিব করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, পবিপ্রবির গবেষণা কার্যক্রমের গুণগত মান উন্নয়ন, আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনা বৃদ্ধি, গবেষণার প্রভাব ও দৃশ্যমানতা সম্প্রসারণ এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং সূচকে অবস্থান উন্নয়নের জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কমিটি কাজ করবে।

কমিটির সদস্যদের মধ্যে কৃষি, মৎস্য, ব্যবসায় প্রশাসন, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, সিভিল ইঞ্জিনিয়ারিং, ভাষা ও যোগাযোগ, ফার্মেসি অনুষদের ডিনসহ অর্থ, আইকিউএসি ও পরিকল্পনা বিভাগের পরিচালকরা রয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, নবগঠিত এ কমিটির কার্যকর উদ্যোগের মাধ্যমে গবেষণা ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে পবিপ্রবির গ্রহণযোগ্যতা ও র‌্যাংকিং আরও শক্তিশালী হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত