হবিগঞ্জের মাধবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষের ছাদ ধসে বিদ্যালয়ের দপ্তরী প্রকাশ দাস আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত প্রকাশ দাস (৩৭) উপজেলার উত্তর হরিশ্যামা গ্রামের বাসিন্দা। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম খান বলেন, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। শনিবার হঠাৎ ছাদের একটি অংশ ধসে পড়লে আমাদের দপ্তরী প্রকাশ দাস আহত হন। আমরা তার চিকিৎসার খোঁজখবর রাখছি। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভবনটির জরুরি সংস্কার বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এবিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি ঘটনার খোঁজখবর নিচ্ছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।