মামুনুল হককে নিয়ে সেই মন্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

আপডেট : ২১ জুন ২০২৬, ০৬:২৪ পিএম

জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে স্পিকার নিজের একটি মন্তব্যও এক্সপাঞ্জ করেছেন।

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ সিদ্ধান্ত জানান।

স্পিকার বলেন, গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক হেফাজতে ইসলামীর নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন, যা অনভিপ্রেত। যেহেতু সংশ্লিষ্ট ব্যক্তির সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা সমীচীন নয়। এ কারণেই বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।

একই সঙ্গে স্পিকার জানান, মামুনুল হকের জীবনের ‘অন্ধকার অধ্যায়’ সম্পর্কে তার নিজের মুখে উচ্চারিত মন্তব্যটিও কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। ভবিষ্যতে সংসদ সদস্যদের বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এদিকে পয়েন্ট অব অর্ডারে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন অভিযোগ করেন, নীলফামারী-৪ আসনের এমপি আবদুল মুনতাকিম বাজেট আলোচনায় নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করেছেন, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ বক্তব্যও কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান তিনি।

জবাবে স্পিকার বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য বিষয়টি অনিচ্ছাকৃত ভুল হিসেবে ব্যাখ্যা করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। তাই এটিকে ‘স্লিপ অব টাং’ হিসেবে বিবেচনা করে বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।

অপরদিকে, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একটি বক্তব্যের বিষয়ে আপত্তি তুললেও স্পিকার তা গ্রহণ করেননি। তিনি বলেন, সংসদের বাইরের রাজনৈতিক বক্তব্যের জবাব সংসদের বাইরেই দেওয়া উচিত। সংসদের ভেতরে কোনো আপত্তিকর মন্তব্য করা হলে বিধি অনুযায়ী তা উত্থাপনের সুযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত