৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল চলতি সপ্তাহে প্রকাশ করার জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে ফুল কমিশন সভা ডেকে এই ফল প্রকাশের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রবিবার (২১ জুন) পিএসসির একটি সূত্র জানিয়েছে, ৪৭তম বিসিএসের ফল প্রকাশের কার্যক্রম জোরেশোরে চলছে। চলতি সপ্তাহের শেষ দিকে বিসিএসের ফল প্রকাশ করা হতে পারে।
পিএসসির এক কর্মরকর্তা বলেন, ‘চলতি সপ্তহে ৪৭তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার ফুল কমিশন সভা ডাকা হতে পারে। সভায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো কারণে চলতি সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হবে।’
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘চলতি মাসের যে কোনো দিন ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। সেভাবেই কমিশন কাজ করছে।’
২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এবার মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা