কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?

আপডেট : ২২ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নতুন লেবার নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত স্টারমার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা বার্নহ্যাম লেবার পার্টির এমপি ও সাধারণ ভোটারদের মধ্যেও জনপ্রিয়। সম্প্রতি পার্লামেন্টে নির্বাচিত হয়ে তিনি জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন।

আলোচনায় থাকা আরেক গুরুত্বপূর্ণ নাম সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। স্বাস্থ্যখাতে সংস্কার ও এনএইচএসের অপেক্ষমাণ রোগীর তালিকা কমানোর উদ্যোগের জন্য তিনি পরিচিত। তবে দলের বামঘরানার অনেকের কাছে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেয়নারও। শ্রমজীবী পরিবার থেকে উঠে আসা রায়নার লেবার পার্টির অন্যতম প্রভাবশালী নারী নেতা হিসেবে পরিচিত। আবাসন ও ভাড়াটিয়া অধিকার নিয়ে তার ভূমিকা ব্যাপক আলোচিত।  

এ ছাড়া সাবেক জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অ্যাল কার্নস এর নামও আলোচনায় রয়েছে। তবে মিলিব্যান্ড ইতোমধ্যে নেতৃত্বের দৌড়ে নামার সম্ভাবনা নাকচ করেছেন।

লেবার পার্টি জানিয়েছে, আগামী ৯ জুলাই থেকে নেতৃত্ব নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণ শুরু হবে। সেপ্টেম্বরের মধ্যে নতুন নেতা এবং প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত