ডা. জাহেদ

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত

আপডেট : ২৩ জুন ২০২৬, ০১:০২ পিএম

আদালত আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। 

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে রাজনৈতিকদলগুলোর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি তারা সিম্বোলিক কারণে আছেন। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত দল। নিষিদ্ধ ঘোষিত কথাটা আসলে ঠিক না। আমরা যদি টেকনিক্যালি বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না- এটা পরিষ্কার করা দরকার যে, সেটা নির্ধারিত হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেটা বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে, ওই পর্যন্ত তারা বিচারাধীন থাকবে, তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে। এই দল যদি মাঠে কোনও কর্মসূচি নিয়ে নামতে চায়, সেটা আইন ভঙ্গকারী কার্যক্রম হবে। সরকার সেটার ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। তারা প্রতীকী কারণে হয়তো মাঠে আছেন, বলছেন অনেক কিছু করে ফেলবেন। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সেনাবাহিনী দেওয়ার মানে এই নয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক কিছু করে ফেলবে। অনেক কিছু করে ফেলার নৈতিক সাহস তাদের আছে বলে মনে করি না। দেশের সবার ডিমেনশিয়া হলে তখন হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে মনে হয় হবে না। মাফিয়া, চোর বাটপার, লুটপাটকারীদের খুব বেশি নৈতিক সাহস থাকে না।
 
তিনি বলেন, তবুও যে কয়েকটি জেলায় ঝুঁকি কিছুটা বেশি মনে হয়েছে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে জননিরাপত্তার স্বার্থে। আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে, সরকার এমন কিছু মনে করে না। ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো তাদের আছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি কী করবে, সেটি বিএনপির কাছে জানতে হবে।
 
প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার সফর নিয়ে তাঁর এই উপদেষ্টা বলেন, মালয়েশিয়া সফর খুব সফল হয়েছে বলে আমরা মনে করি। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্যের আলাপ হয়েছে। আসিয়ানে সম্পৃক্ত হতে মালয়েশিয়া সমর্থন করবে। প্রতিরক্ষায় সহযোগিতা করবে, রোহিঙ্গা সংকটে মালয়েশিয়া সহায়তা করবে।
 
জাহেদ উর রহমান জানান, মালেশিয়ার শ্রম বাজার খোলা নিয়ে আলোচনা হয়েছে, আমরা আশাবাদী শ্রম বাজার পুনরায় চালু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত