কেক কেটে মেসিদের জয় উদযাপন পূর্ণিমার, তারকাদের উচ্ছ্বাস

আপডেট : ২৩ জুন ২০২৬, ০১:৫৩ পিএম

এবারের ফূটবল বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করায় দেশজুড়ে উল্লাসে মেতে উঠেছেন আর্জেন্টিনার সমর্থকরা। সোমবার (২২ জুন) রাতে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে আর্জেন্টিনার জয়ে যেন উন্মাদনায় মেতেছেন মেসি ভক্তরা। মেসির বাঁ পায়ের জাদুতে পুরো বিশ্বের সঙ্গে নিজেদের মুগ্ধতাও প্রকাশ করতে দেরি করেননি দেশের শোবিজ অঙ্গনের তারকারা। 

খেলা শেষ হওয়ার পর থেকেই সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকাদের ফেসবুক স্ট্যাটাস, ছবি আর ভিডিওতে প্রকাশ পাচ্ছে আলবিসেলেস্তেদের প্রতি তাদের ভালোবাসা। প্রিয় দলের এই জয়ে ঢাকাই শোবিজের শীর্ষ তারকাদের অনেকেই মধ্যরাতেই মেতে ওঠেন উল্লাসে, কেউ কেউ আবার মেতেছেন প্রিয় দলের জার্সি গায়ে উদযাপনে। মাঠে আর্জেন্টিনার পুরো জয়টিই ছিল লিওনেল মেসিকেন্দ্রিক, যার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে শোবিজ তারকাদের প্রতিক্রিয়াতেও। 

টেক্সাসের আর্লিংটনে মেসির অতিমানবীয় পারফরম্যান্স দেখে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে কেক কাটার ছবি শেয়ার করেছেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানিয়ে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেসির প্রতি ভালোবাসাই আমাকে এখানে টেনে এনেছে, আর আর্জেন্টিনার ভালোবাসায় আমি এখানেই রয়ে গেলাম।’ 

এদিকে ব্রাজিলের একাট্টা সমর্থক হওয়া সত্ত্বেও চিত্রনায়ক শরিফুল রাজ আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সোমবার মধ্যরাতে মেসির একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘১৮ গোল নিয়ে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যা পুরোপুরি জাদুকরী একটি বিষয়।’ 

মেসির প্রতি মুগ্ধতা প্রকাশ করতে বাদ যাননি অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও। ফেসবুকে তার শেয়ারকৃত পোস্টে মেসিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে উল্লেখ করেছেন এই সুন্দরী।অভিনেত্রী কেয়া পায়েল আর্জেন্টিনার একটি জার্সি পরা ছবি শেয়ার করে দর্শকদের উদ্দেশে লিখেছেন—কি আর্জেন্টিনা ভক্তরা কেমন লাগছে! অন্যদিকে তার সহঅভিনেতা ইরফান সাজ্জাদ মজা করে একটি পোস্ট শেয়ার করেছেন। অভিনেতার সেই ছবিতে দেখা যাচ্ছে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ তাকে ম্যাচ নিয়ে সান্ত্বানা দিচ্ছেন। 

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা আর্জেন্টিনার জার্সি গায়ে লিখেছেন, ইয়েস, আর্জেন্টিনা ভামোস। ছবির ব্যাকগ্রাউন্ডে টেলিভিশনের পর্দায় লিওনেল মেসিকে মাঠে দেখা যাচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত