সবকিছুই ঠিকঠাক। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আমির ভক্তদের কৌতুহল। বিয়ের দিন কেমন আয়োজন হবে, কারা কারা উপস্থিত থাকবেন, খানাপিনা কেমন হবে- গণমাধ্যমগুলোও এরকম কৌতুহলের সঙ্গে একাধিক প্রতিবেদন করছে।
তবে জমকালো কোনো আয়োজন নয়। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আমিরের ভাষ্য, ‘অনুষ্ঠানটি একেবারেই ব্যক্তিগত হবে। ঘরে বসে দুই পরিবার এবং খুব কাছের বন্ধুদের নিয়ে আইনি বিয়ে সম্পন্ন হবে।’
নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অতিরিক্ত মাতামাতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই তারকা। তিনি বলেন, ‘আমি বুঝছি না এত মাতামাতির কী আছে! তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতুহল একটু বেশিই। দর্শকদের উচিত আমাদের কাজ নিয়ে আগ্রহী হওয়া। ব্যক্তিগত জীবন নিয়ে নয়। আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হলো তা জানি না। আজকাল কোনো কিছুই আর আড়ালে রাখা যায় না।’
গত এক বছর ধরে গৌরীর সঙ্গে সাহচর্যে থেকে মনে শান্তি ফিরে পেয়েছেন সে কথাও অকপটে স্বীকার করেছেন তিনি। আমির খান জানান, আগের দুটি সংসার ভেঙে গেলেও সাবেক স্ত্রীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক এখনও বজায় রয়েছে।
এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ১৫ বছরেরও বেশি সময় সংসার করার পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। রীনা ও আমিরের ঘরে জুনায়েদ ও ইরা নামে দুটি সন্তান রয়েছে। এরপর ২০০৫ সালের ডিসেম্বরে নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির। দীর্ঘ ১৬ বছর পর ২০২১ সালের জুলাইয়ে এক যৌথ বিবৃতির মাধ্যমে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। আমির ও কিরণের আজাদ রাও খান নামে এক ছেলে রয়েছে। বিচ্ছেদের পরও তারা একসঙ্গে সন্তান লালন-পালন করছেন।
ফিরহাদ হাকিমসহ শীর্ষ ৮ নেতাকে বহিষ্কার করলেন মমতা
সাংবাদিকের ওপর জামায়াতের হামলার ঘটনায় বিএজের নিন্দা
আপত্তিকর ভিডিও ভাইরাল, বিআইডব্লিউটিএ কর্মকর্তা বরখাস্ত