বিজয়নগরে সিমেন্টবাহী ট্রাক খাদে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত ৪

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল পৌণে ৫টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মিলনবাজার এলাকায় চান্দুরা-সিঙ্গারবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক চম্পকনগর বাজারের দিকে আসছিল। পথে মিলন বাজার এলাকায় চলমান সড়ক নির্মাণকাজের একটি রোলারকে অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক রাসেল মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকচালক আবুল কালাম (৩৫), হেলপার জয়নাল (২২), শ্রমিক আমিনুল হক (২৫) ও শফিকুল ইসলাম (২২) আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত