কেন স্থগিত বিজয়ের ডিভোর্স মামলা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৪:৪০ পিএম

দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের ব্যক্তিগত খবরে তোলপাড় বিনোদনপিাড়া। কয়েক মাস ধরে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ও বিবাহবিচ্ছেদের খবরে সরগরম তামিলনাড়ুর বিনোদনজগৎ। এরই মধ্যে দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই তারকা হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। থালাপতি বিজয় ও তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের বিবাহবিচ্ছেদের মামলা নতুন মোড় নিয়েছে। গত ১৫ জুন চেঙ্গলপত্তু পারিবারিক আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও দুপক্ষের কেউই উপস্থিত ছিলেন না। এ কারণে আদালত আগামী ৭ আগস্ট পর্যন্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। 

দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন থালাপতির স্ত্রী সংগীতা। তার অভিযোগ, ২০২১ সালে তিনি বিজয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন। সংগীতার দাবি, সম্পর্কটি শেষ করার আশ্বাস দিয়েও বিজয় এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে মেলামেশা চালিয়ে যান। এটি তাকে ও তাদের সন্তানদের সামাজিকভাবে চরম হেনস্তা এবং মানসিক কষ্টের মুখে ফেলেছে। এ ছাড়া বিজয়ের বিরুদ্ধে আর্থিক সীমাবদ্ধতা আরোপের অভিযোগও এনেছেন তিনি। 

পারিবারিক এই টানাপড়েনের কারণে থালাপতি বিজয়ের সিনেমা ক্যারিয়ার নিয়েও তৈরি হয়েছে জটিলতা। রাজনীতিতে পুরোপুরি যোগ দেওয়ার আগে তার শেষ সিনেমা হিসেবে পরিচিত ‘জানা নায়াগান’-এর মুক্তি আবারও পিছিয়ে গেছে। সেন্সর বোর্ডের নানা জটিলতা ও তামিলনাড়ুর সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমাটি এ বছর প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা ক্ষীণ।সব মিলিয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে বেশ চাপেই রয়েছেন এই তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত