নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের গোড়ালি বিচ্ছিন্ন

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:০৯ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে শফিউল আলম নামে এক যুবকের পায়ের গোড়ালি উড়ে গেছে। বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্ত ৪১ পিলারে ভালুকিয়া নামক পাহাড়ি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত শফি আলম (৩৬) উপজেলার রেজুয়ামতলী গ্রামের মো. হালু মিয়ার ছেলে।

স্থানীয় ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর হাতুরানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভালুকিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সীমান্তের ৪১ নম্বর মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতুরানী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি কলাবাগানে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই স্থানীয় বাসিন্দা মো. শফি আলম আহত হন।

বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়একটি হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও আহতের চিকিৎসা চলছে বলে জানিয়েছে স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, ঘুমধুমে স্থলমাইন বিস্ফোরণের এক ব্যক্তি আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘুমধুমে সীমান্তবর্তী কোন কোন এলাকায় মাইন পুঁতে আছে সেগুলো শনাক্ত করে সেখানে লাল পতাকা টাঙানো হবে। যাতে করে ভবিষ্যতে সীমান্তের মানুষ এই ধরনের দুর্ঘটনার শিকার না হয় বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত