চবিতে এডুকেশন ক্লাবের যাত্রা শুরু 

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:২১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে চিটাগং ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (সিইউইসি) গঠন করা হয়েছে। পাঠ্যবইয়ের শিক্ষাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ, শিক্ষার্থীদের গবেষণামুখী করা, ক্যারিয়ার গাইডলাইন প্রদানের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে এই ক্লাব।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টায় চবির মেরিন সাইন্স ইন্সটিটিউটের অডিটোরিয়ামে এডুকেশন ক্লাবের উদ্বোধন করেন উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দেশের কল্যাণে আরও বেশি গবেষণামুখী হওয়া প্রয়োজন। কেননা শিক্ষা ও গবেষণার যথাযথ কম্বিনেশনের মাধ্যমেই এই দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বর্তমানে টেকনোলজির যুগে গবেষণা কাজে প্রযুক্তিকে গুরুত্ব দিনতে হবে। কেননা সবাইকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন  বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের একটা নিজস্ব পার্সোনাল ডোমেইন রয়েছে। এটা সবসময় ম্যান্টেন করতে হবে। আবার গবেষণার ক্ষেত্রে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। একজন শিক্ষকের টার্গেট থাকতে হবে, ক্লাসের পিছিয়ে পড়া শিক্ষার্থীকে একাডেমিক বিষয়ে উৎসাহ দিয়ে সামনে তুলে আনা। একজন শিক্ষক যখন এটা করতে পারবেন তখনই তিনি সফল শিক্ষক। শিক্ষার্থীদের মধ্যে যারা গবেষণা করতে চায় এবং এই গবেষণা করার জন্য যে সকল লার্নিং টুলসের প্রয়োজন এসব সহায়তা যথাযথভাবে নিশ্চিত করতে পারলেই এই ক্লাবের উদ্যোগ সফল হবে বলে মনে করি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত চিটাগং ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (সিইউইসি) পাঠ্যবইয়ের শিক্ষাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ, শিক্ষার্থীদের গবেষণামুখী করা, ক্যারিয়ার গাইডলাইন প্রদানের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে গঠন করা হয়েছে। ক্লাব পরিচালনায় একটি উপদেষ্টা পর্ষদ ও একটি কার্যনির্বাহী পর্ষদ থাকবে। ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনায় ১৬ পদের কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে। এছাড়া পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পর্ষদ থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল সেশন পরিচালনা করেন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। এতে সভাপতিত্ব করেন চবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. উদিতি দাশ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. উদিতি দাশ,  চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষকবৃন্দ ও চাকসুর প্রতিনিধিবৃন্দসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত