শিক্ষার্থীদের গবেষণাপত্র নিয়ে এনএসইউতে আন্ডারগ্র্যাজুয়েট কলোকুইয়াম অনুষ্ঠিত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

শিক্ষার্থীদের তিন গবেষণাপত্র নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আন্ডারগ্র্যাজুয়েট কলোকুইয়াম অনুষ্ঠিত হয়েছেভ

এনএসইউর জনসংযোগ অফিসের পরিচালক সৈয়দ মানসুর হাশিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এসএইচএসএস কনফারেন্স রুমে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।

এতে ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের নূর-এ-আশফিয়া খান, আইন বিভাগের রবিন আহমেদ ও মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের সরকার সানজিদ আদভান অংশ নেন।

নূর-এ-আশফিয়া খান ‘বিয়ন্ড দ্য মিথ অব ক্রিটিক: আনকভারিং দ্য কলোনিয়াল বায়াস ইন হার্ট অব ডার্কনেস’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। রবিন আহমেদ উপস্থাপন করেন ‘বিটুইন রুলস অ্যান্ড থ্রেটস: রিথিংকিং ল’ ইন ডেভেলপিং সোসাইটিজ’ শীর্ষক গবেষণাপত্র। এ ছাড়া সরকার সানজিদ আদভান ‘দ্য পলিটিক্যাল ইকোনমি অব প্রাইভেট মিডিয়া ওনারশিপ অ্যান্ড স্টেট রেস্ট্রেইন্টস ওভার পলিটিক্যাল ট্রানজিশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মো. পারভেজুর রহমান। অধিবেশনের সূচনা বক্তব্য দেন মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক মৃত্তিকা আনান রহমান।

অধিবেশনের সঞ্চালনা ও সূচনা বক্তব্য দেন মৃত্তিকা আনান রহমান। তিনি এ ধরনের একাডেমিক আলোচনা ও গবেষণাভিত্তিক আয়োজন আরও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণা ও একাডেমিক অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

গবেষণাপত্র উপস্থাপনা শেষে একটি অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা উপস্থাপিত গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন, নিজেদের মতামত তুলে ধরেন এবং উপস্থাপকদের বিভিন্ন প্রশ্ন করেন। উপস্থাপকদের গবেষণা ও অবদানের স্বীকৃতির মধ্য দিয়ে অধিবেশন শেষ হয়।

এ আয়োজনের মধ্য দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ একটি প্রাণবন্ত গবেষণাসংস্কৃতি গড়ে তোলা এবং শিক্ষার্থীদের একাডেমিক গবেষণায় উৎসাহিত করার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত