ফুটবল কি সত্যিই ঘুরে ফিরে হিসাব চুকিয়ে দেয়? যদি দেয়, তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে 'গ্রুপ জে'-এর শেষ ম্যাচটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এক মহাকাব্য। ৪৪ বছর আগে বিশ্বমঞ্চে যার শিকার হয়েছিল আলজেরিয়া, ঠিক সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই এবার ইতিহাস নতুন করে লেখার সুযোগ পেয়েছে উত্তর আফ্রিকার দেশটি। প্রতিপক্ষের নাম—অস্ট্রিয়া।
কী ছিল সেই ‘গিজনের কলঙ্ক’?
ঘটনাটি ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপের। সেবার নিজেদের প্রথম বিশ্বকাপে খেলতে এসেই বিশ্বফুটবলকে স্তব্ধ করে দিয়েছিল আলজেরিয়া। উদ্বোধনী ম্যাচেই তারা ২-১ গোলে হারিয়ে দেয় ফুটবল পরাশক্তি পশ্চিম জার্মানিকে। এরপর চিলিকে ৩-২ গোলে হারিয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে (তৎকালীন নিয়মে জয়ের জন্য ২ পয়েন্ট ছিল) টেবিলের শীর্ষে থেকে নিজেদের গ্রুপ পর্ব শেষ করে আলজেরিয়া।
কিন্তু পরের দিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রিয়া এবং পশ্চিম জার্মানি। আলজেরিয়ার পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ ছিল পরিষ্কার—অস্ট্রিয়াকে অন্তত ম্যাচটি ড্র করতে হবে অথবা জিততে হবে। কিন্তু পশ্চিম জার্মানি যদি ঠিক ১ বা ২ গোলের ব্যবধানে জিতে যায়, তবে আলজেরিয়া বাদ পড়বে এবং ইউরোপের দুই প্রতিবেশী দেশই পরের রাউন্ডে চলে যাবে।
খেলার ১০ মিনিটে পশ্চিম জার্মানির হরস্ট হ্রুবেশ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর যা ঘটেছিল, তা ফুটবল ইতিহাসের সবচেয়ে অন্ধকার এবং লজ্জাজনক অধ্যায় হিসেবে পরিচিত। ১-০ স্কোরলাইন হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে জেতার বা গোল করার আর কোনো মানসিকতাই দেখা যায়নি। পুরো ম্যাচের বাকিটা সময় তারা মাঠে অলসভাবে বল পাস করে সময় পার করতে থাকে। স্টেডিয়ামে থাকা ক্ষুব্ধ দর্শকরা টাকা উঁচিয়ে 'ভুয়া ভুয়া' বলে চিৎকার করতে থাকেন, এমনকি জার্মান ধারাভাষ্যকারও টিভিতে লাইভ ম্যাচ চলাকালীন এই অনৈতিক খেলার তীব্র নিন্দা জানান।
ইতিহাসে এই ম্যাচটি পরিচিতি পায় "ডিসগ্রেস অফ গিজন বা "গিজনের কলঙ্ক" নামে। এই ঘটনার পরই ফিফা নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয়, যেন প্রতি গ্রুপের শেষ ম্যাচগুলো একই সময়ে অনুষ্ঠিত হয়।
ভাগ্যের নির্মম ও নিখুঁত পরিহাস
৪৪ বছর পর, ২০২৬ বিশ্বকাপে ভাগ্য আলজেরিয়াকে ঠিক সেই অস্ট্রিয়ার সামনেই এনে দাঁড় করিয়েছে। সান্তা ক্লারায় সোমবার রাতে জর্ডানের বিরুদ্ধে আমিন গুইরির দুর্দান্ত গোলের পর আলজেরিয়ার শিবিরে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে।
বর্তমানে 'গ্রুপ জে'-এর পয়েন্ট টেবিলের দিকে তাকালে ১৯৮২ সালের সেই সমীকরণের ভূত যেন আবার তাড়া করছে:
ম্যাচ | জয় | হার | পয়েন্ট | অবস্থা |
আর্জেন্টিনা | ২ | ২ | ০ | ৬ | নকআউট নিশ্চিত |
অস্ট্রিয়া | ২ | ১ | ১ | ৩ | দ্বিতীয় স্থান |
আলজেরিয়া | ২ | ১ | ১ | ৩ | তৃতীয় স্থান |
জর্ডান | ২ | ০ | ২ | ০ | বিদায় নিশ্চিত |
আর্জেন্টিনা অলরেডি দুটি ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে জর্ডানকে হারিয়ে অস্ট্রিয়া ও আলজেরিয়া উভয়েরই পয়েন্ট এখন ৩।
বাঁচা-মরার শেষ লড়াই
নকআউট পর্বে আর্জেন্টিনার সঙ্গী কে হবে, তা নির্ধারণ করবে এই শেষ ম্যাচ। তবে এবার আর আলজেরিয়াকে অন্য কারও ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে না। হিসাব এবার নিজেদের পায়ে:
আলজেরিয়ার সমীকরণ: অস্ট্রিয়াকে হারাতেই হবে। জয় ছাড়া পরের রাউন্ডে যাওয়ার কোনো বিকল্প নেই।
অস্ট্রিয়ার সমীকরণ: কেবল একটি ড্র করলেই তারা পরের রাউন্ডে চলে যাবে।