শিবচরে আগুনে পুড়ল দুই গরু, ক্ষতিগ্রস্ত বসতঘর 

আপডেট : ২৯ জুন ২০২৬, ১০:০৫ এএম

মাদারীপুরের শিবচর উপজেলায় আগুন লেগে একটি গোয়ালঘর পুড়ে দুইটি গরু মারা গেছে। এ ঘটনায় গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি পাশের বসতঘরেরও আংশিক ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

রবিবার (২৮ জুন) রাত ১০টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজির সূরা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত নুরুজ্জামান মোড়ল জানান, তার স্থায়ী বাড়ি শিবচর উপজেলার চরজানাজাত এলাকায় হলেও। কয়েকবছর আগে তার বাড়ি পদ্মা নদীতে বিলীন হওয়ায় বর্তমানে তিনি বন্দরখোলা ইউনিয়নের কাজির সূরা গ্রামে বসবাস করছেন। রাতে গোয়ালঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই গোয়ালঘরে থাকা দুইটি গরু আগুনে পুড়ে মারা যায়। পাশাপাশি আগুনের তাপে পাশের বসতঘরেরও আংশিক ক্ষতি হয়।

তিনি আরও জানান, মারা যাওয়া দুইটি গরুর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

স্থানীয় কাজিরসূরা দরবার শরীফের পীর সাইদুর রহমান আল সুরুজী জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গরু দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন কুমার ঘোষ বলেন, রাতে কাজিরসুরার আগুনের কোন খরব তিনি পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত