নিজেদের রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা হিজবুল্লাহর

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:১৩ এএম

যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে রবিবার (২৯ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই আগ্রাসনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি সাফ জানিয়ে দিয়েছে, নিজ দেশ ও জনগণকে রক্ষার বৈধ অধিকার তাদের রয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নাবাতিয়েহ শহর এবং পার্শ্ববর্তী মায়ফাদুন শহরের আবাসিক ভবন লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ফ্রাউন শহর ও বিনত জবেইল জেলার খোলা এলাকায় ড্রোন দিয়ে আক্রমণ চালানো হয়েছে। পাশাপাশি তাইবেহ ও হাদ্দাথা এলাকার জনবসতিপূর্ণ স্থানে বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে দখলদার বাহিনী।

একটি আনুষ্ঠানিক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের এই ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। মাতৃভূমি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা স্মারক অনুযায়ী, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ থাকার কথা ছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে মার্চের শুরু থেকেই লেবাননে নিজেদের হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েল।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত