সারিয়াকান্দিতে সিএনজিচালককে শ্বাসরোধে হত্যা

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুল মান্নানকে (৫৫) শ্বাসরোধ করে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়া আন্দাইরা বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত আব্দুল মান্নান গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মুন্নার ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে আব্দুল মান্নান সিএনজিসহ চেলোপাড়ায় অবস্থান করছিলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে একটি রিজার্ভ ভাড়া নিয়ে ধুনটের গোসাইবাড়ির দিকে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয় লোকজন সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মান্নানের পরিচয় শনাক্ত করে।  

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান জানিয়েছেন, বগুড়া থেকে ফরেনসিক টিম এসে সুরতহাল করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেছেন, মরদেহের গলায় গামছা পেঁচানো আছে। পায়ের দিকে কিছুটা রক্ত দেখা গেছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ওসি আরও জানান, খোঁজ নিয়ে জেনেছি, রবিবার রাত সাড়ে ৯টার দিকে চেলোপাড়ায় তাকে সর্বশেষ দেখা গেছে। মরদেহ উদ্ধার হলেও তার সিএনজির হদিস মেলেনি। এ ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত