শান্ত-মুমিনুলদের পেস তোপে ভুগিয়ে এবার ব্যাট হাতেও দারুণ ছন্দে আছে জিম্বাবুয়ে। হারারে টেস্টের দ্বিতীয় দিনে ৪ রানে পিছিয়ে থেকে শুরু করে প্রথম সেশন শেষের আগেই স্বাগতিকদের লিড ছাড়িয়েছে ১০০ রানে। এর মধ্যে লাল বলের ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে ১২৬ রানে অপরাজিত আছেন ওপেনার ইনোসেন্ট কাইয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬০ ওভার শেষে ২ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ২৪৮ রান। লিড ১০৮ রানের।
সেঞ্চুরির স্পর্শের আগের বলেই অবশ্য ফিরে যেতা পারতেন কাইয়া। ৪৭তম ওভারের পঞ্চম বলে কট বিহাইন্ডের জোরাল আবেদন থেকে বেঁচে গেলেন ইনোসেন্ট কাইয়া। ডিআরএস না থাকায় রিভিউ নিতে পারেননি অধিনায়ক শান্ত। এর পরের বলেই বাউন্ডারিতে তিন অঙ্ক স্পর্শ করলেন জিম্বাবুয়ের এই ওপেনার। ১৫৩ বলে করা কাইয়ার এটি প্রথম সেঞ্চুরি। এদিকে ব্রিয়ান বেনেট অপরাজিত আছেন ফিফটি তুলে ৫৯ রানে।
এর আগে ব্যাট করতে নেমে ১৪০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। নিয়ন্ত্রিত বাউন্স আর ধারাবাহিক পেস দিয়েই সফরকারীদের ব্যাটারদের ধসিয়ে দেন জিম্বাবুয়ের পেসাররা। সুনিপুণ লাইন-লেন্থে উইকেটের পিছনে শট খেলতে বাধ্য করেন তারা। এই ফাঁদেই আটকে যায় সফরকারী ব্যাটিং বিভাগ। ১০ উইকেটের ৮টি ধরা পড়ে ফাঁদে। উইকেটরক্ষক টাফাডজাওয়া সিগা একাই নেন ৫টি ক্যাচ। শেষ ২৭ রানেই ৮ উইকেট হারিয়ে গুটিয়ে যায় শান্তদের ইনিংস। সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মুমিনুল। সব মিলিয়ে ৮ ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। জিম্বাবুয়ের নিয়ামুরি একাই নেন ৪ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় সর্বনিম্ন সংগ্রহের পর বল হাতেও প্রথম দিনে ব্যর্থ ছিল বাংলাদেশ। দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছিল স্বাগতিকরা। সেখান থেকে আজ বড় সংগ্রহের পথে তারা।