ডিইউডিএস-এর নির্বাচিত সভাপতি সাজিদ, সাধারণ সম্পাদক রিফাত

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)-এর ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো: সাজিদ হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিফতাহুল জান্নাত রিফাত।

সোমবার (২৯ জুন) রাত ৮টার দিকে ডিইউডিএস-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস.এম শামীম রেজা ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার জুবায়ের হোসেন ও রাগীব আনজুম, নির্বাচন সচিব মো. সাব্বির হোসেন এবং নির্বাচন পর্যবেক্ষক মহিউদ্দিন মুজাহিদ মাহি। পরবর্তীতে ডিইউডিএসের এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয়।

সভাপতি মো. সাজিদ হাসান ইসলামের ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। এর আগে তিনি সূর্যসেন বিতর্কধারা সাধারণ সম্পাদক এবিং ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত মার্কেটিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের অ্যাথেনিয়াম ডিবেট ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও রিফাত ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের জিএস হিসেবে দায়িত্ব পালন করছেন। গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত এই কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিইউডিএস-এর গঠনতন্ত্র ও মডারেটরবৃন্দের পরামর্শ অনুযায়ী গত ১৯ জুন ২০২৬ তারিখে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। নির্ধারিত তফসিল অনুযায়ী ২৭ জুন ২০২৬ তারিখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীতা ফরম বিতরণ করা হয়। সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন তার্কিক প্রার্থীতা ফরম সংগ্রহ করেন।

পরবর্তীতে নির্ধারিত সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে ৩ জন ও ১ জন প্রার্থী ফরম জমা দেন। আজ ২৯ জুন ২০২৬ তারিখে নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদের ২ জন প্রার্থী স্বেচ্ছায় তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে চূড়ান্তভাবে এই দুই শীর্ষ নেতৃত্ব নির্বাচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত