সমঝোতা বাস্তবায়নই এখন অগ্রাধিকার: ইরান

আপডেট : ৩০ জুন ২০২৬, ০১:০৬ পিএম

ইসলামাবাদে স্বাক্ষরিত যুদ্ধ অবসানের সমঝোতা স্মারকের (এমওইউ) পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করাই বর্তমানে তেহরানের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন ইরানের আলোচক দলের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, চূড়ান্ত চুক্তি নিয়ে এখনো কোনো আলোচনা শুরু হয়নি।

মঙ্গলবার (৩০ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন বাঘাই। 

তিনি বলেন, 'ইসলামি প্রজাতন্ত্র ইরানের বর্তমান অগ্রাধিকার হলো সমঝোতা স্মারকের সব শর্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা। এ লক্ষ্যে আমরা আমাদের দাবি বাস্তবায়নে গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছি।'

সমঝোতার বিভিন্ন ধারা, বিশেষ করে তেল রপ্তানি এবং ইরানের জব্দকৃত সম্পদে প্রবেশাধিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাঘাই জানান, তেল রপ্তানি সংক্রান্ত ১০ নম্বর ধারার আওতায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেহরান।

তিনি আরও বলেন, ১১ নম্বর ধারায় উল্লেখিত ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজও এগিয়ে চলছে। এ বিষয়ে অগ্রগতি তদারক করতে ইরানের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল চলতি সপ্তাহের শেষ দিকে কাতারের রাজধানী দোহা সফর করবে।

চূড়ান্ত চুক্তির লক্ষ্যে নির্ধারিত ওয়ার্কিং গ্রুপগুলোর মাধ্যমে আলোচনা শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে বাঘাই বলেন, এখনো সে ধরনের কোনো আলোচনা শুরু হয়নি।

তার ভাষ্য, 'সমঝোতা স্মারকের ১৩ নম্বর ধারা অনুযায়ী, ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর ধারার বাস্তবায়ন শুরু হওয়া এবং তা ধারাবাহিকভাবে চলমান থাকার পরই চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হতে পারে।' 

একই সময়ে দোহায় যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সম্ভাব্য সফর নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রসঙ্গে বাঘাই স্পষ্ট করে বলেন, আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো পর্যায়েই ইরানের বৈঠকের সূচি নেই।

তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সম্ভাব্য কাতার সফরের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সফরের কোনো সম্পর্ক নেই। আমাদের প্রতিনিধি দল কেবল সমঝোতা স্মারকের বাস্তবায়ন, বিশেষ করে ১১ নম্বর ধারা বাস্তবায়নের অগ্রগতি অনুসরণ করতেই দোহা যাচ্ছে।' 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তেহরান আপাতত সমঝোতা বাস্তবায়নের দিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হওয়ার আগে সংশ্লিষ্ট ধারাগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত