এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির বিশেষ সতর্কতা

আপডেট : ৩০ জুন ২০২৬, ০১:৩৩ পিএম

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, পরীক্ষা চলাকালীন প্রতিদিন সংশ্লিষ্ট কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। মূলত পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবং পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

পরীক্ষা শুরু হওয়ার দিন থেকে শেষ হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত