দোহায় যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল, তবে বৈঠক অনিশ্চিত

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৪:৫২ পিএম

কাতারের রাজধানী দোহায় যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তবে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বৈঠক হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অনুরোধে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এর কয়েক ঘণ্টা আগেই এ ধরনের কোনো বৈঠকের পরিকল্পনার কথা অস্বীকার করেছিল তেহরান। সূত্র রয়টার্স। 

সোমবার (২৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, 'ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল (মঙ্গলবার) দোহায় সেটি অনুষ্ঠিত হবে।'

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের কারিগরি প্রতিনিধি দল এ সপ্তাহে দোহা সফর করবে। তবে এ সফরের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সফরের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, 'আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই আমাদের বৈঠক হবে না।' 

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প তার জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফকে আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য দোহায় পাঠাচ্ছেন।

দুই দেশের অবস্থানের এই পার্থক্য গত ১৭ জুন হওয়া যুদ্ধবিরতি চুক্তির অনিশ্চয়তাকেই সামনে এনেছে। চার মাসের সংঘাতের পর পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হওয়া ১৪ দফা সমঝোতা স্মারকের আওতায় অন্তত ৬০ দিনের মধ্যে এপ্রিলের যুদ্ধবিরতি কার্যকর রাখা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগে অগ্রগতি থমকে রয়েছে। 

আলোচনার বিষয়ে অবগত ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার দোহায় একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সুইজারল্যান্ডে আগের কারিগরি বৈঠকের মতো এবার মূল আলোচ্য বিষয় হবে না পারমাণবিক ইস্যু; বরং হরমুজ প্রণালিতে উত্তেজনা কমানো এবং নৌ চলাচল স্বাভাবিক রাখা।

আরেক কর্মকর্তা জানান, বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের কারিগরি দল পৃথকভাবে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করতে পারে।

এদিকে সপ্তাহান্তের সংঘাতের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওমানের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন এবং হরমুজ প্রণালিতে মাইন অপসারণে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ১৪ দফা পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালিতে মাইন অপসারণের দায়িত্ব কেবল ইরানের। এ বিষয়ে হস্তক্ষেপ না করতে তিনি ফ্রান্সকে সতর্ক করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত