ফেনীর সোনাগাজীতে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন, নারিকেল চারা, অর্জুন, আমড়া, আমলকি, জাম, বেল, আম, মাল্টা, জলপাই, কদবেল, লেবু ও শাকসবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৬৩১ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর অতিরিক্ত উপ পরিচালক মো.মাসুদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হানিফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল-আমিন শেখ, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞা। এছাড়া অনুষ্ঠানে কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ জানান, ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৬৩১ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে।