দক্ষিণ সুদানে ত্রাণবহরে হামলা, নিহত ৫ কর্মী

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম

দক্ষিণ সুদানের জংলেই অঙ্গরাজ্যে মানবিক সহায়তাবাহী একটি ত্রাণবহরে হামলায় পাঁচ ত্রাণকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত বা আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার জংলেই অঙ্গরাজ্যের ডুক কাউন্টিতে স্থানীয় অংশীদার সংস্থার পরিচালিত ত্রাণবহরটি অতর্কিত হামলার শিকার হয়। বহরটি স্পষ্টভাবে মানবিক সহায়তাবাহী হিসেবে চিহ্নিত ছিল।

জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী রামানাথন বালাকৃষ্ণনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ডুজারিক বলেন, মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দক্ষিণ সুদানে ২৯ জন ত্রাণকর্মী ও ঠিকাদার নিহত হয়েছেন।

হামলার শিকার বহর পরিচালনাকারী জন দাউ ফাউন্ডেশন (জেডিএফ) জানিয়েছে, তাদের কর্মীরা বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় আয়োজিত একটি প্রশিক্ষণ শেষে পায়ুয়েল পায়াম থেকে পাজুত এলাকায় ফিরছিলেন। পথে তাদের বহরের ওপর হামলা চালানো হয়। এক বিবৃতিতে সংস্থাটি এ ঘটনাকে তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও বেদনাদায়ক ঘটনা বলে উল্লেখ করেছে।

এদিকে দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের (ইউএনএমআইএসএস) নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটিতে সহিংসতায় ৭৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যা আগের প্রান্তিকের তুলনায় ৮৯ শতাংশ বেশি। একই সময়ে সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতার ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

২০১১ সালে স্বাধীনতার পর থেকেই দক্ষিণ সুদান রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র সংঘাত ও সহিংসতায় জর্জরিত। দীর্ঘদিনের এই সংকট দেশটিকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত