উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অনুভূত এ কম্পনে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগর এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এল প্রোগ্রেসো শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। সম্প্রতি ভেনেজুয়ায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কাছাকাছি সময়ে প্রায় সমান মাত্রার দুটি ভূমিকম্প সংঘটিত হওয়ার ঘটনাকে ভূকম্পবিদ্যায় ‘ডাবলেট’ বলা হয়। এ ধরনের ঘটনা ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ৯৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা বৈশ্বিক ভূকম্পন তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
এ সময় যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার রেডউড ভ্যালির কাছেও ৫ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়। মেনডোসিনো কাউন্টিতে এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় পাঁচ মাইল গভীরে।