‘অ্যাশেজ’ এবার  দৃষ্টিহীন তরুণের পাশে

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম

তরুণ শ্রোতাদের মাঝে অনতম পছন্দের ব্যান্ডদল ‘অ্যাশেজ’  বরবারই গানের পাশাপাশি বিভিন্ন আর্তমানবতার সেবায় জড়িয়ে রয়েছে।  দেশজুড়ে তাদের ব্লাড ব্যাংক রয়েছে। সেখান থেকে স্বেচ্ছায় রক্তদান সেবা চলমান। এবার এক দৃষ্টিহীন তরুণকে সুস্থ করার দায়িত্ব নিলো ‘অ্যাশেজ’। গতকাল রাতে বিষয়টি জানিয়েছেন দলটির প্রধান জুনায়েদ ইভান। ফেসবুক বার্তায় ইভান লেখেন, ‘এবার একজন অন্ধ ছেলের জন্য কাজ করব। আমি গিয়েছি তার সাথে দেখা করতে। তাকে সুস্থ করতে চাই। গান লিখছি। কনসার্ট করব। প্রস্তুতি চলছে। সবার সহযোগিতা চাই।’

 ইভানের এই আহবানে সাড়া দিচ্ছেন অনেকে। ভক্তদের পাশাপাশি অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশও বলেছেন, ‘ইভান ভাই, আমি আছি আপনার সাথে। যে কোনো প্রয়োজনে আমাদের ডাকবাক্স ফাউন্ডেশন (পলাশের সংগঠন) থাকবে আপনার সাথে।’ 

এদিকে দৃষ্টিহীন ওই তরুণের প্রসঙ্গে ইভান জানান, সে দরিদ্র পরিবারের সন্তান। কয়েক বছর আগে অসুস্থতায় চোখের আলো হারিয়েছে। বাবা রিকশাচালক। তাই চিকিৎসার ব্যবস্থাও করতে পারছেন না। ইভান বলেন, ‘ছেলেটি এবং তার মায়ের সঙ্গে কথা হয়েছে আমার। তাদের চিকিৎসকের সঙ্গে দেখা করতে বলেছি। চিকিৎসার পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে জানতে বলেছি। এরপর আমাদের একজন প্রতিনিধি চিকিৎসকের সঙ্গে কথা বলবেন এবং আমরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত