জন্মদিনে শুভেচ্ছার বন্যায় জয়া

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম

বাংলাদেশ ও ভারতের একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ (১ জুলাই)। প্রতিবারের মতো এবারের বিশেষ দিনেও সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য ভক্তের ভালোবাসা এবং শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে প্রিয় এই অভিনেত্রীকে ঘিরে বইছে শুভেচ্ছার বন্যা। 

জন্মদিন উপলক্ষে অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ার সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে জয়ার হাতে ফুল তুলে দিচ্ছেন তিনি। ছবির সঙ্গে দেওয়া বার্তায় চঞ্চল লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান, একজনই।’ বন্ধুর এমন শুভেচ্ছার জবাবে জয়া লিখেছেন, ‘ভালোবাসা বন্ধু।’ 

এদিকে জয়ার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাও ভক্তদের শুভেচ্ছা বার্তায় মুখর হয়ে উঠেছে। অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় তিনি যেমন দর্শকের ভালোবাসা অর্জন করেছেন, তেমনি সহকর্মীদের কাছেও হয়েছেন শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ। 

জন্মদিনের আনন্দঘন মুহূর্তের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি। আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র সাফল্যের পর নতুন এই ছবিটি নিয়েও দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। বর্তমানে সিনেমাটির প্রচারণার কাজ নিয়ে কলকাতায় ব্যস্ত রয়েছেন জয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত