রবিবার বিয়ে করছি: আমির খান

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম

বলিউড তারকা আমির খান আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামী রবিবার (৫ জুলাই) বিয়ে করছেন তিনি।

মুম্বাইয়ের নিজ বাসভবনে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে একান্ত পারিবারিক আয়োজনে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

সম্প্রতি মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের বিয়ের খবরটি নিশ্চিত করেন ৬১ বছর বয়সী এই অভিনেতা।

বিয়ের বিষয়ে জানতে চাইলে আমির বলেন, ‘হ্যাঁ, রবিবার ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট পরিসরের পারিবারিক আয়োজন।

দুই পরিবারের সদস্যদের নিয়েই বাসায় অনুষ্ঠান হবে।’ 

নতুন জীবনের জন্য সবার দোয়া কামনা করে তিনি আরো বলেন, ‘এটি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, যেন আমরা সুখী ও সুন্দর জীবন কাটাতে পারি।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের বড় ছেলে জুনায়েদ খানও।

বাবার বিয়ের ঘোষণা দেওয়ার মুহূর্তে তাকে হাসিমুখে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। তখন তিনি জানিয়েছিলেন, প্রায় ২৫ বছর ধরে তাদের পরিচয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। গৌরীর আগের সংসারের সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে বলেও জানা গেছে। 

এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেন। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে তাদের দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান।

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। তবে বিচ্ছেদের পরও ছেলে আজাদ রাও খানের দায়িত্ব যৌথভাবেই পালন করে আসছেন সাবেক এই দম্পতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত