কেরানীগঞ্জ

কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নিহত ১

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম

ঢাকার কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে নাঈম মোল্লা নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

শুক্রবার (৩ জুলাই) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আগানগর আমবাগিচা ডিপজলের এলাকায় এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। 

নিহত নাঈম মোল্লা (১৫) ওই এলাকার মো. মজিদ মোল্লার ছেলে। সে কালিগঞ্জ জোড়াব্রিজ সংলগ্ন একটি প্যান্টের দোকানে কর্মচারি।

আহত রবিন (১৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় তাজ (১৫) নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  

স্থানীয় ও পুলিশ জানায়, রমজান মাসে তারাবি পড়াকে কেন্দ্র করে তাজ ও রবিন নামে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। পরবর্তীতে কিছুদিন বুড়িগঙ্গায় নৌকা ভ্রমণে গেলে আবারও দুই গ্রুপের মধ্য ঝগড়া বিবাদ হয়। রবিনের সঙ্গে নাইমের বন্ধুত্ব সম্পর্ক থাকায় শুক্রবার রাতে নাইম তার কর্মস্থল থেকে কাজ শেষ করে আসার পরে রবিনকে দেখে তার কুশলা বিনিময় করছিল। এসময় তাজ তাদের এক সঙ্গে দেখতে পেয়ে রবিনকে নাইম গ্রুপের সদস্য ভাবে। এক পর্যায়ে তাজ রাগান্বিত হয়ে রবিন ও নাইম দুইজনকেই দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।  দুইপক্ষের ধস্তাধস্থিতে তাজও আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাইম ও তাজকে স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে এবং রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাইম হাসপাতালে মারা যায়।  এরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাজকে দক্ষিণ  কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।  ঘটনার তদন্ত চলছে।  তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত