শাহজাদপুর

সেই মদ্যপ প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন পরীক্ষা চলাকালে মদ্যপ অবস্থায় অফিস কক্ষে বসে অশোভন আচরণ ও অসংলগ্ন কথাবার্তা বলার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার এমপিও স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শনিবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেসরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরই অভিযুক্ত প্রধান শিক্ষক রুহুল আমিনকে শোকজ করেন শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

অধিদপ্তরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ করেছে। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে। যা স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী চরম শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের শামিল।

এ অবস্থায়, প্রধান শিক্ষকের আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের কারণে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ১৮.১.গ ধারা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক রুহুল আমিনকে আলাদা চিঠির মাধ্যমে সাময়িক বরখাস্ত করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবরিনা শারমিন।

শনিবার (৪ জুলাই) বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়। এ অবস্থায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত