বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম

বিশ্বকাপে চরম ব্যর্থতার পর এক নতুন অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছে জার্মানি জাতীয় ফুটবল দল। দলটির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে রাজি হয়েছেন অভিজ্ঞ মাস্টারমাইন্ড ইয়ুর্গেন ক্লপ। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। ২০২৬ বিশ্বকাপে জার্মানির আকস্মিক ও লজ্জাজনক বিদায়ের পর কোচ জুলিয়ান নাগেলসম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

রোমানোর দেওয়া তথ্যমতে, জার্মানি জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাবটি ক্লপ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। বর্তমানে চুক্তিপত্রের মেয়াদ, দীর্ঘমেয়াদি ক্রীড়া পরিকল্পনা এবং রেড বুল  গ্রুপের গ্লোবাল ফুটবল ডিরেক্টরের পদ থেকে তাঁর আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর চূড়ান্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় জার্মানি। এই অভাবনীয় বিপর্যয়ের পরপরই জার্মান ফুটবল ফেডারেশন এবং কোচ জুলিয়ান নাগেলসম্যানের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

জার্মান ফুটবলের এই চরম ক্রান্তিলগ্নে দল পুনর্গঠনের জন্য বেশ কয়েক বছর ধরেই ডিএফবি-র রাডারে এক নম্বর পছন্দ হিসেবে ছিলেন ক্লপ। ফেডারেশনের পক্ষ থেকে আগেই ক্লপের সাথে আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। ক্লপ নিজেও এই গুরুদায়িত্ব নিতে নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন। জার্মান গণমাধ্যম ‘ম্যাজেন্টা টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লপ বলেন, "আমি এখন সম্পূর্ণ রিচার্জড এবং প্রস্তুত। আমাদের অনেক আলোচনা করতে হবে, কারণ জাতীয় দলের এই সমস্যাগুলো আজকের নয়, অনেক পুরনো। তবে আমি এই চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে প্রস্তুত।"

২০২৩/২৪ মৌসুম শেষে লিভারপুলের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর ক্লপ ফুটবল থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে তিনি রেড বুল গ্রুপের গ্লোবাল ফুটবল ডিরেক্টর হিসেবে যোগ দেন, যেখানে বিশ্বজুড়ে রেড বুলের মালিকানাধীন ক্লাবগুলোর ফুটবল কার্যক্রম তদারকি করার দায়িত্বে ছিলেন তিনি।

তবে ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রেড বুলের সাথে ক্লপের চুক্তিতে একটি বিশেষ ‘রিলিজ ক্লজ’ বা শর্ত রাখা ছিল। শর্তানুযায়ী, জার্মানি জাতীয় দল থেকে প্রস্তাব আসলে তিনি যেকোনো সময় চুক্তি ভেঙে চলে যেতে পারবেন। আর সেই বিশেষ শর্তের ওপর ভর করেই নির্ধারিত সময়ের আগেই রেড বুলের অধ্যায় চুকিয়ে ডাই ম্যানশাফটদের (জার্মানি দল) ডাগআউটে বসতে যাচ্ছেন এই হাই-প্রেসিন ফুটবল ট্যাকটিশিয়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত