২০২৬ বিশ্বকাপের শেষ ১৬-র মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে বিশাল বড় সুখবর পেল সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ড এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে সোমবারের নকআউট ম্যাচে তাঁর খেলতে আর কোনো বাধা নেই।
২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামা মার্কিন দলের জন্য এটি এক বিরাট খবর। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা বালো গান ৩ ম্যাচে মাঠে নেমে ইতিমধ্যেই ৩টি গোল করেছেন। তিনি না থাকায় বিকল্প আক্রমণভাগ সাজাতে বেশ হিমশিম খাচ্ছিলেন মার্কিন কোচ মাউরিসিও পচেত্তিনো।
ফিফা ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ‘ফিফা ডিসিপ্লিনারি কোড’-এর ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই লাল কার্ড স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ম অনুযায়ী, ম্যাচ ফিক্সিং বা পাতানো খেলার মতো গুরুতর অপরাধ না হলে বিশেষ পরিস্থিতিতে লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করা যায়। তবে বালো গান আগামী এক বছর ‘প্রবেশনারি পিরিয়ড’ বা নজরদারিতে থাকবেন। এই সময়ের মধ্যে তিনি যদি সমপর্যায়ের কোনো শৃঙ্খলাভঙ্গ করেন, তবে এই এক ম্যাচের নিষেধাজ্ঞা আবার কার্যকর হবে।
এর আগে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও একই নিয়ম ব্যবহার করে তাঁর লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করেছিল ফিফা।
ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, "একটি বড় অবিচার দূর করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!"
পাশাপাশি মার্কিন ফুটবল ফেডারেশনও এক বিবৃতিতে ফিফার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দিকে পূর্ণ মনোযোগ দেওয়ার কথা জানিয়েছে।
কী ঘটেছিল সেই ম্যাচে?
শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে একটি সাধারণ সংঘর্ষের জেরে লাল কার্ড দেখতে হয়েছিল বালো গানকে। প্রথমে রেফারি ফাউল না দিলেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দেখায় যে বালো গানের পা বসনিয়ার ডিফেন্ডারের গোড়ালিতে লেগেছিল। অন-ফিল্ড রিভিউ দেখে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান, যা ফুটবল ধারাভাষ্যকার ও খোদ কোচ পচেত্তিনোকে অবাক করেছিল। পচেত্তিনো ম্যাচ শেষে বলেছিলেন, 'ওটা কোনোভাবেই লাল কার্ড ছিল না, অসাবধানতাবশত পা লেগেছিল।'
নিজের লাল কার্ড বাতিলের খবর আসার পর বালো গান জানান, পুরো বিষয়টি তাঁর কাছে অবিশ্বাস্য লাগছে। অন্যায্য লাল কার্ড পাওয়ার পরও মাঠে শান্ত মেজাজ ধরে রাখায় ফুটবল মহলে প্রশংসিত হচ্ছেন এই তরুণ স্ট্রাইকার।