জেলে জালে ধরা পড়ল ৮ কেজি ওজনের কালো পোয়া 

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৩ এএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ। স্থানীয়ভাবে  ‘লম্বু পোয়া’ বা ‘কালো পোয়া’ নামেও পরিচিত মাছটি। আলীপুর মৎস্য বন্দরের রবিবার (৫ জুলাই) নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি হয় পোয়াটি।

জেলে রহিম মাঝি জানান, ৪ জুলাই রাতে কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। অন্যান্য মাছের সঙ্গে তার জালে আটকা পড়ে মূল্যবান কালো পোয়া মাছটি। রবিবার সকালে আলীপুর মৎস্য বন্দরে আনা হলে নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মূসা প্রতি মণ আড়াই লাখ টাকা দরে কেজিপ্রতি ৬ হাজার ২৫০ টাকায় মোট ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছ ক্রেতা পিএম মূসা জানান, তিনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিনে ঢাকা ছাড়াও দেশের বাইরে রপ্তানি করেন। কালো পোয়ার সুইম ব্লাডার (মাছের বালিশ) অত্যন্ত মূল্যবান হওয়ায় এ মাছের বাজারদরও অনেক বেশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে এ মাছটি কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত। এর ওজন সাধারণত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে। মূল্যবান হওয়ায় অনেকেই একে ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া নিঃসন্দেহে সুখবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত