খামেনির শোক র‍্যালিতে জনসমুদ্র, তেহরানে লাখো মানুষের ঢল

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১১:২৮ এএম

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র‌্যালি সোমবার রাজধানী তেহরানে শুরু হয়েছে। এতে অংশ নিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ রাজধানীতে সমবেত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র‌্যালি শুরু হয়। এর আগে দুই দিন ধরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ওই কমপ্লেক্সে খামেনির মরদেহ রাখা হয়েছিল।

ইরানি কর্মকর্তাদের দাবি, খামেনির জানাজা ও শোক র‌্যালিতে দেশটির আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটেছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে শোকার্ত মানুষের ঢল নামে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, শোক র‌্যালিটি প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা চলবে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ শোভাযাত্রা দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের পাশের শহীদ লাশগরি মহাসড়ক অতিক্রম করবে।

এর আগে রবিবার আয়াতুল্লাহ জাফর সোবহানী খামেনি, তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজে ইমামতি করেন।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধিদলও শোক জানাতে তেহরানে পৌঁছেছে।

সূচি অনুযায়ী, মঙ্গলবার পবিত্র কোম শহরে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বুধবার মরদেহ ইরাকের নজফে ইমাম আলীর (আ.) মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাসের (আ.) মাজারে নেওয়া হবে।  আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার (আ.) পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত