ভেনেজুয়েলায় ভূমিকম্প

৯৯৫টি আফটারশক, মৃত বেড়ে ৩৩৪২

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় জুন মাসে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। এ ছাড়া ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, রবিবার (৫ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি সম্পূর্ণ ধসে পড়েছে।

সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনও ১৭ হাজার ৩৪৫ জন গৃহহীন অবস্থায় রয়েছেন।

উদ্ধার অভিযানে ক্ষতিগ্রস্ত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। পাশাপাশি রাজধানী কারাকাস থেকে পাঠানো ২৯ হাজার ৫৬৭ জন উদ্ধারকর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।

এ পর্যন্ত দুর্গত মানুষের মধ্যে ৯ হাজার ৫৮৫ মেট্রিক টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জন চিকিৎসাসেবা পেয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত জানা দুটি ভূমিকম্প ছিলো যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার। এরপর থেকেই দেশটিতে একের পর এক পরাঘাত অনুভূত হচ্ছে। এখন পর্যন্ত মোট ৯৯৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত