সিংগাইরে দায়িত্ব ফিরে পাচ্ছেন আট ইউপি চেয়ারম্যান

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্টের নির্দেশে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান নিজ নিজ দায়িত্বে ফিরছেন। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার জানান, চেয়ারম্যানদের করা রিটের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ নাজমুল হাসান খানের স্বাক্ষরিত নির্দেশনা গত রবিবার (৫ জুলাই) তার কাছে পাঠানো হয়েছে। সরকারি চিঠির মূল কপি হাতে পাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা হলেন— তালেবপুর ইউনিয়নের মো. রমজান আলী, বায়রা ইউনিয়নের দেওয়ান মো. জিন্নাহ, চারিগ্রাম ইউনিয়নের মো. রিপন হোসেন, জয়মন্টপ ইউনিয়নের ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, চান্দহর ইউনিয়নের মো. শওকত হোসেন, ধল্লা ইউনিয়নের মোহাম্মদ জাহিদুল ইসলাম, সায়েস্তা ইউনিয়নের মো. হালিম এবং জামির্ত্তা ইউনিয়নের আবুল হোসেন।

তবে জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান এখনই দায়িত্বে ফিরতে পারছেন না। হাইকোর্টের রায়ের সার্টিফায়েড কপি সংশ্লিষ্ট দপ্তরে জমা না দেওয়ায় তার বিষয়ে এখনো কার্যকর কোনো নির্দেশনা জারি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান।

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে গত বছরের ৩১ জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসন সিংগাইরের নয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের পরিবর্তে প্রশাসক নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ক্ষতিগ্রস্ত চেয়ারম্যানরা পৃথকভাবে হাইকোর্টে রিট আবেদন করেন।

গত ৩ মার্চ শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ প্রশাসক নিয়োগের আদেশকে অবৈধ ঘোষণা করে রুল জারি করেন। বিচারপতি রাজ্জাক আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। পরবর্তী সময়ে আদালতের ওই রায়ের আলোকে স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি নির্দেশনা হাতে পেলেই তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করে জনগণের সেবায় পুনরায় কাজ শুরু করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত