আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় তারা।

রবিবার (৫ জুলাই) রাতে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ সোমবার বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত চালকের নাম মো. হারুণ। তিনি পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিসনাদীর ভিটিপাড়া এলাকার মো. অলিউল্লাহর ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় নিজের অটোরিকশা নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হারুণ। রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সোমবার সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় মাইকিং করে তার সন্ধান করতে থাকেন।

বিকেলে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও হারুণের পরিবারকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হারুণের বলে শনাক্ত করেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা চালক হারুণকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং পরে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত