ক্রীড়াঙ্গণে অ্যাডহক কমিটি গঠনে অনিয়মের তদন্ত দাবী

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম

ক্রীড়া ফেডারেশনগুলোতে অ্যাডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় ক্রীড়াঙ্গণে। সোমবার দৈনিক দেশ রুপান্তরে এই খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছেন ক্রীড়াঙ্গণের কর্তারা। নতুন অ্যাডহক কমিটি ঘোষণার গুঞ্জন শোনা গেলেও তা নাকি আপাতত হচ্ছে না। অন্যদিকে এমন অভিযোগ সরকারের তদন্ত করে দেখা উচিত বলেই মনে করছেন বর্ষিয়ান সংগঠকরা।

হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘অ্যাডহক কমিটির উপর অ্যাডহক কমিটি গঠনের নিয়মটাই ঠিক নয়। তার উপর এখনকার অ্যাডহক কমিটি চলছে বছরের পর বছর। যেখানে গঠনতন্ত্র অনুযায়ী তিনমাসের বেশি সময় থাকার কথা নয় এই কমিটি। এখন আবার অ্যাডহক কমিটি। তারপরও যদি এখানে অনিয়ম হয়ে থাকে, তাহলে অবশ্যই তা তদন্ত করে দেখা উচিত সরকারের। আমরা জানি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজেও এখন তারকা ফুটবলার ছিলেন। ভাল মনের মানুষ। আশাকরি উনি এই দিকটি দেখবেন।’

তিনি যোগ করেন, ‘এছাড়া ক্রীড়াঙ্গণের অভিবাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের বার্ষিক সাধারন সভা হয় না আজ বহু বছর ধরেই। তাই আমার দাবী তদন্তের পাশাপাশি এসব জট খোলার ব্যবস্থাও করতে হবে সরকারকে।’

হকি ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক সাজেদ এএ আদেলের কথা, ‘অভিযোগ যেহেতু উঠেছে, এর তদন্ত করা উচিত সরকারের। তাছাড়া দেড় বছরের অ্যাডহক কমিটিতে দেশের ঘরোয়া হকি বিলুপ্ত হয়ে গেছে। তারা কেবল বিদেশ সফর নিয়েই ব্যস্ত।’

এদিকে সূত্র জানিয়েছে, অভিনব কায়দায় নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। রবিবার বনানীতে হোটেল সারিনায় একটি রুম ভাড়া করে সেখানে সংগঠকদের ডেকে নিয়ে যান সাবেক এক তারকা ফুটবলার। তারপর সেখানে কোন ফেডারেশনে কাকে দেওয়া যায় সেই বিষয়ে সংগঠকদের সাক্ষাতকারও নিয়েছেন ওই ফুটবলার। যেখানে উপস্থিত হয়েছিলেন দেশের অনেক নামী-দামী ক্রীড়া সংগঠকই। সূত্রটি আরও জানায়, হোটেলের রুম বুকিং বা সিসি ক্যামেরা তদন্ত করলেই সব খোলসা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত