নারী রাজনীতিকের বর্ণবাদী আক্রমণের কড়া জবাব এমবাপ্পের

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০১:৪৩ এএম

বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে সেই ম্যাচের পরই মাঠের বাইরের এক কুৎসিত বিতর্কে জড়াতে হলো ফরাসি অধিনায়ককে। ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে প্যারাগুয়ে বিদায় নেওয়ার পর এমবাপ্পেকে লক্ষ্য করে তীব্র বর্ণবাদী আক্রমণ চালিয়েছেন প্যারাগুয়ের এক নারী সিনেটর।

সোমবার সেই মন্তব্যের কড়া জবাব দিয়ে ওই রাজনীতিবিদকে "নিন্দনীয় নারী" বলে আখ্যা দিয়েছেন এমবাপ্পে। একই সঙ্গে ফরাসি ফুটবল ফেডারেশন ওই সিনেটরের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার ঘোষণা দিয়েছে।

এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে হারায় ফান্স। এই পরাজয় মেনে নিতে না পেরে প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি দীর্ঘ এবং আপত্তিকর বর্ণবাদী পোস্ট করেন। সেখানে তিনি এমবাপ্পেকে "উপনিবেশিত ক্যামেরুনীয়, যে নিজেকে ফরাসি হিসেবে জাহির করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে" বলে উল্লেখ করেন। এখানেই ক্ষান্ত না হয়ে তিনি এমবাপ্পেকে "বর্বর" এবং "অশিক্ষিত মূর্খ" বলে গালি দেন এবং দাবি করেন যে ম্যাচ শেষে প্যারাগুয়ের খেলোয়াড়দের উচিত ছিল এমবাপ্পেকে থাপ্পড় মারা।

সিনেটরের এমন নোংরা আক্রমণের জবাবে সোমবার একটি কড়া বিবৃতি প্রকাশ করেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজের আত্মসম্মান বজায় রাখার পাশাপাশি প্যারাগুয়ের খেলোয়াড়দের সম্মান দিয়ে তিনি লেখেন:

"মাদাম সেলেস্তে আমারিলা, আপনি একজন অত্যন্ত নিন্দনীয় নারী এবং আপনার পদের জন্য সম্পূর্ণ অযোগ্য। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না; যে দেশটি পুরো টুর্নামেন্টজুড়ে আবেগ ও সম্মানের সাথে লড়েছে।"

এমবাপ্পে আরও যোগ করেন, "আপনার এই হঠকারিতা ও নির্লজ্জ বর্ণবাদের কারণে পুরো বিশ্ব ইতিমধ্যেই ভুলে গেছে যে আপনার দেশের খেলোয়াড়রা এই বিশ্বকাপে কতটা ঐতিহাসিক প্রচেষ্টা চালিয়েছিল। আপনি একজন অযোগ্য নারী, যিনি বিশ্বের বুকে নিজের দেশের সবচেয়ে খারাপ ছবিটা তুলে ধরেছেন। আমি কখনই এমন মানসিকতার মানুষদের বিশ্বজুড়ে ঘৃণা ও বর্ণবাদ ছড়ানোর স্বাধীনতা দেব না।"

এই বর্ণবাদী মন্তব্যকে "ঘৃণ্য ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য" আখ্যা দিয়ে ফরাসি ফুটবল ফেডারেশন  বিষয়টিকে আদালতের মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত