গুগল ব্যবহার করলেই প্রশিক্ষণ পাচ্ছে এআই! আছে বন্ধের সুযোগ

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম

গুগল তাদের ডেটা ব্যবহারের নীতিতে পরিবর্তন এনেছে। নতুন এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা গুগলের বিভিন্ন সার্চ টুলে যে ছবি, ফাইল, অডিও বা ভিডিও আপলোড করেন, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উন্নত করার প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের সার্চ-সম্পর্কিত কিছু সেবায় আপলোড করা মিডিয়া ফাইল এখন এআই মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

এর অর্থ হলো, কোনো ব্যবহারকারী যদি গুগল লেন্সের মাধ্যমে কোনো ছবি দিয়ে তথ্য খোঁজেন, তাহলে সেই ছবি এআই প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতে পারে। একইভাবে গুগল ভয়েস সার্চে দেওয়া অডিও এবং গুগল ট্রান্সলেটে আপলোড করা কনটেন্টও এর আওতায় পড়তে পারে।

তবে গুগল ফটোসে ব্যক্তিগতভাবে সংরক্ষিত ছবি বা ভিডিও আপাতত এই পরিবর্তনের আওতায় নেই বলে জানানো হয়েছে।

ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা হয়েছে

প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে এই ব্যবস্থার আওতায় রাখা হয়েছে। এআই প্রযুক্তি উন্নত করতে বিপুল পরিমাণ তথ্যের প্রয়োজন হওয়ায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের ডেটা থেকে প্রশিক্ষণ উপকরণ সংগ্রহ করছে।

তবে যারা নিজেদের আপলোড করা ছবি, ভিডিও বা অডিও এআই প্রশিক্ষণে ব্যবহারের অনুমতি দিতে চান না, তারা সেটিংস পরিবর্তন করে এই সুবিধা বন্ধ করতে পারবেন।

যেভাবে বন্ধ করবেন

ব্যবহারকারীরা গুগলের নির্দিষ্ট সেটিংসে গিয়ে এই সুবিধা বন্ধ করতে পারবেন। এজন্য প্রথমে সার্চ সার্ভিসেস হিস্ট্রি পেজে গিয়ে “সেভ মিডিয়া” অপশনটি বন্ধ করতে হবে। এরপর সার্চ সার্ভিসেস পার্সোনালাইজেশন সেটিংসে গিয়ে ডেটা সংরক্ষণের বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে।

এছাড়া যারা গুগলের এআই-ভিত্তিক সার্চ ফলাফল (AI Overview) দেখতে চান না, তারা সার্চের আগে “-AI” যোগ করে ফলাফল সীমিত করতে পারেন।

ডেটা গোপনীয়তা নিয়ে নতুন উদ্বেগ

আধুনিক এআই প্রযুক্তির উন্নয়নে বিপুল পরিমাণ তথ্য প্রয়োজন হলেও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডেটা ব্যবহারের নীতি সম্পর্কে ব্যবহারকারীদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

সূত্র: টেকক্রাঞ্চ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত