পাঁচ বছরের অধিক পুরাতন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহার এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনের সভাপতিত্ব করেন।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন বিচারাধীন বন্দিদের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইন ও বিচার বিভাগ কর্তৃক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফৌজদারি মামলার ক্ষেত্রে ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ ও সংরক্ষণ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ফরেনসিক ও বিশেষজ্ঞ রিপোর্ট সংগ্রহসহ মামলার তদন্ত কার্যক্রম যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার নিমিত্ত কগনিজেন্স ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক তদন্ত কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। পাঁচ বছরের অধিক পুরাতন মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি, জেলা আইনশৃঙ্খলা মিটিং এবং পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের মাধ্যমে বিচারাধীন বন্দিদের মামলা দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে।