বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি তিন ফ্লাইট

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

টানা ভারি বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই ফ্লাইটগুলো চট্টগ্রামে নামতে ব্যর্থ হয়ে ঢাকায় অবতরণ করে। এর মধ্যে দুটি আন্তর্জাতিক এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি-চট্টগ্রাম ও এয়ার অ্যারাবিয়ার শারজাহ-চট্টগ্রাম ফ্লাইটটি চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম ফ্লাইটটিও পুনরায় ঢাকায় ফিরে যায়।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, টানা ভারি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ (আবুধাবি-চট্টগ্রাম) ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। একই কারণে এয়ার অ্যারাবিয়ার জি-৯-৫২৬ (শারজাহ-চট্টগ্রাম) ফ্লাইটটিও ঢাকায় অবতরণ করানো হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ (ঢাকা-চট্টগ্রাম) ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ সম্ভব না হওয়ায় পুনরায় ঢাকায় ফিরে যায়।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার রয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত