রেকর্ড বৃষ্টিপাতে জলাবদ্ধতা ও প্রতিকূল পরিবেশের কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তিন জেলার বুধবারের (৮ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই তিন জেলা হলো চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার।
যেহেতু সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাই দেশের অন্যান্য শিক্ষাবোর্ডে এবং চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বাকি দুই জেলায় (বান্দরবান ও খাগড়াছড়ি) পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
আন্ত:শিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয় বৈরী আবহাওয়ায় বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষাবোর্ডের ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব জেলায় পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, যেহেতু সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাই বন্যা পরিস্থিতির কারণে শুধুমাত্র দুর্গত জেলাগুলোর পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় যথারীতি পরীক্ষা চলমান থাকবে।
উল্লেখ্য, গত ২ জুলাই থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা