নিম্নমানের ধান বীজ বিক্রির অপরাধে জরিমানা

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে অনুমোদনহীন ও নিম্নমানের ধান বীজ বিক্রির অভিযোগে দোহাজারী পৌরসভার মেসার্স কৃষি বীজ ভাণ্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ৩৫ হাজার টাকার বীজ জব্দ করা হয়।

উপজেলার দোহাজারী পৌরসভা বাজারে মেসার্স কৃষি বীজ ভাণ্ডারের দোকান মালিককে বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বীজ বুনার সঙ্গে সঙ্গে একজন কৃষক শুধু মাঠ চাষই করে না তার পরিবারের আর্থিক স্বাধীনতার স্বপ্ন বুনন করে। আর এই বীজ যদি মান সম্পন্ন না হয়, নিম্নমানের হয় তখন কৃষকের কান্না রোধের আর কোন পথ খোলা থাকে না। নিম্নমানের ও অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে বীজ আইন ২০১৮ অনুযায়ী এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৩৫ হাজার টাকার বীজ জব্দ করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযান চলাকালে সেখানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, জেলা  বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. গোলাম মাওলাসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত