গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত: ট্রাম্প

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপে অবস্থানরত মার্কিন সেনা আরও কমানোর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, এ সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয় কি না, তার ওপর। সূত্র ইউক্রেনের সংবাদমাধ্যম ইউএনএন। 

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইউরোপ থেকে আরও সেনা প্রত্যাহারের বিষয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, 'এ বিষয়ে অনেক কিছুই গ্রিনল্যান্ডের ওপর নির্ভর করছে। যদি গ্রিনল্যান্ড নিয়ে খুব ভালো একটি চুক্তি করতে পারি, তাহলে হয়তো তা সম্ভব হবে।'

এর আগে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে পৌঁছানোর পর ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত। তাঁর ভাষায়, 'গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত।'

মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এর আগে ব্যাখ্যা করেছিলেন, ওয়াশিংটনের মতে, দ্বীপটিকে ঘিরে দীর্ঘমেয়াদি নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার একমাত্র কার্যকর উপায় হলো গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।

তবে মেটে ফ্রেডরিকসেন এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের এমন দাবি গ্রহণযোগ্য নয়।

এরও আগে চলতি বছরের শুরুতে ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছিলেন। ওই বক্তব্যে ন্যাটোর মিত্র দেশ ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর অভ্যন্তরীণ ঐক্য এবং সদস্য দেশগুলোর পারস্পরিক অঙ্গীকার নিয়েও প্রশ্ন ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত