নীলফামারীতে টানা বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় টানা ভারী বৃষ্টিতে একটি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে নদীর দুই পাড়ের অন্তত ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি বাজার সংলগ্ন সেতুর এক পাশের সংযোগ সড়ক ধসে যায়। এর ফলে নিতাই ইউনিয়ন পরিষদসহ আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। 

স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়। সেই স্রোতের তোড়ে সেতুর এক পাশের সংযোগ সড়ক ধসে পড়ে। এতে সকাল থেকেই ওই পথে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বলেন, হঠাৎ করেই সকালে সেতুর এক পাশের সংযোগ সড়ক ধসে যায়। আমরা এপার থেকে ওপারে যেতে পারছি না। যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। দ্রুত মেরামত করা না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।

শিক্ষার্থী মিথিলা আক্তার বলেন, সকালে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলাম। এখানে এসে দেখি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। পরে ফিরে যেতে হয়েছে। এতে আমরা ভোগান্তিতে পড়েছি।

অপর শিক্ষার্থী জুঁই আক্তার বলেন, ভ্যানে করে স্কুল যাওয়ার পথে দেখি সেতুর একপাশে ধসে গেছে। পরে ভ্যান থেকে নেমে পাশ দিয়ে পার হয়ে ওপারে গিয়ে অপর ভ্যানে করে স্কুলে যাচ্ছি।

বেলতলি বাজার এলাকার আব্দুর রশিদ, মজিদুর ইসলাম সহ অনেকে জানান, প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে শত শত মানুষ এই বাজারে আসেন। সেতুটির এক পাশ ধসে যাওয়া নদীর দুই পাড়ের অন্তত ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা দ্রুত সংস্থার দাবি জানাই।

নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং দ্রুত সংযোগ সড়ক সংস্কারের জন্য প্রাথমিকভাবে জিও ব্যাগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত