সরাসরি কৃষকদের ধান-গম কিনছে সরকার, ভুট্টা সংগ্রহে নেই খাদ্য বিভাগ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম

চলতি সংগ্রহ মৌসুমে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ও গম সংগ্রহ করছে সরকার। তবে খাদ্য বিভাগ বর্তমানে কৃষকদের কাছ থেকে কোনো ভুট্টা ক্রয় করছে না। আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এই শস্য সংগ্রহ অভিযান চলমান থাকবে। সম্প্রতি জাতীয় সংসদে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিমের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারীর পক্ষে এই তথ্য জানানো হয়।

খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩২ টাকা দরে শস্য কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের মৌসুমে ৫.০০ লাখ মেট্রিক টন ধান ও ৫০.০০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৫ জুলাই ২০২৬ পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকার ইতোমধ্যে ২,৯২,৯১০ মেট্রিক টন ধান, ৭,৯৭,৫৭৮ মেট্রিক টন সিদ্ধ চাল, ৫৭,০৯৯ মেট্রিক টন আতপ চাল এবং ৫২৩ মেট্রিক টন গম সংগ্রহ করেছে।

সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে খাদ্য বিভাগ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ধান ক্রয়ের ক্ষেত্রে প্রকৃত কৃষকদের বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। প্রকৃত চাষিদের অধিকার ও সঠিক মূল্য নিশ্চিত করতে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধান সংগ্রহের ক্ষেত্রে কৃষি বিভাগ কর্তৃক সরাসরি মাঠ পর্যায়ে প্রস্তুতকৃত ‘প্রকৃত কৃষক তালিকা’ কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এই তালিকাভুক্ত কৃষকদের নিকট থেকেই সরাসরি শস্য সংগ্রহ করায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব হয়েছে এবং প্রকৃত চাষিরা সরাসরি উপকৃত হচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত