আর্জেন্টিনা রেফারির কান্ড নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন এমবাপ্পে

আপডেট : ১০ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স। ওসমানে দেম্বেলের গোলে অ্যাসিস্ট ও নিজে একটি দুর্দান্ত গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচের প্রথমার্ধে তাঁর পেনাল্টি মিস এবং মাঠের ভেতর আর্জেন্টিনার রেফারি ফ্যাকুন্দো তেল্লোর সাথে হওয়া নাটকীয়তা নিয়ে ম্যাচ শেষে মিক্সড জোনে বিস্ফোরক সব তথ্য ফাঁস করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

ম্যাচের ২৭ মিনিটে এমবাপ্পে বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান আর্জেন্টাইন রেফারি তেল্লো। কিন্তু এরপরই শুরু হয় এক চরম নাটকীয়তা ও বিভ্রান্তি, যা এমবাপ্পের মনোযোগ পুরোপুরি নষ্ট করে দেয়। পুরো ঘটনা বর্ণনা করে এমবাপ্পে বলেন:

'আমি শট নিলাম এবং ও (বুনু) তা আটকে দিল। আমি আসলে ভালো শট নিতে পারিনি, সেটা স্বীকার করছি। কিন্তু সেখানে মাঠের ভেতর চরম বিভ্রান্তি তৈরি হয়েছিল। রেফারি আমাকে প্রথমে বললেন এটা পেনাল্টি। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম— ভিএআর রিভিউ কি শেষ? তিনি বললেন, হ্যাঁ শেষ।'

পেনাল্টি মিস এমবাপ্পের

গল্পের মোড় ঘোরে ঠিক এরপরই। এমবাপ্পে যখন শট নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, তখন ওসমানে দেম্বেলে তাঁর কাছে বল নিয়ে আসেন। এমবাপ্পে বলেন:

'দেম্বেলে বলটা এনে আমাকে দিল। আমি যখনই পেনাল্টিতে ফোকাস করা শুরু করেছি, ও ঠিক তখনই আমার কাছে এসে বলল— 'আরে, রেফারি তো বলছে কোনো পেনাল্টিই হয়নি!' ঠিক ওই মুহূর্তে রেফারি আবার আমাকে এসে বললেন, 'অপেক্ষা করো।' কারণ তিনি নাকি দুই মিনিট আগের অন্য একটি প্লে রিভিউ করে দেখছেন!'

এই অদ্ভুত পরিস্থিতিই কাল হয়েছিল ফরাসি অধিনায়কের জন্য। ২০২১ সালের পর এই প্রথম জাতীয় দলের হয়ে পেনাল্টি মিস করা এমবাপ্পে অকপটে স্বীকার করেন:

'আমি নিজেই নিজের মনোযোগ হারিয়ে ফেলেছিলাম (ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিলাম)। পেনাল্টি নেওয়ার সময় কীভাবে মনোযোগ ধরে রাখতে হয়, তা নিয়ে আমি অনেক পরিস্থিতিই সামলেছি। কিন্তু মাঠের ভেতরের এই অদ্ভুত পরিস্থিতি আগে আমি কখনো দেখিনি। তবে রেফারি আপনাকে প্রথমে বলবে পেনাল্টি, আবার দুই মিনিট পর বলবে পেনাল্টি না— এটাই এখনকার নতুন ফুটবল। ভিএআর-এর যুগের এই নতুন ফুটবলের সাথেই আমাদের মানিয়ে নিতে হবে।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত